এইচএসসির প্রবেশপত্র দেওয়ার তারিখ ঘোষণা

প্রকাশিত: 10:25 PM , October 14, 2022

আগামী ২২ অক্টোবর থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র দেওয়া শুরু হবে।

শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরের দিন ২৩ অক্টোবর বিতরণ করা হবে নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময়ে গ্রহণ করতে হবে।

Loading