পাইকগাছায় কলেজ সংযোগ রাস্তাটির করুণ অবস্থা ,জনদুর্ভোগ চরমে

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 11:53 AM , July 31, 2026

পাইকগাছা উপজেলা কপিলমুনির উপশহরের প্রাণকেন্দ্রে  জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা  দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির মোড় সংলগ্ন এই রাস্তাটি  শুধু স্থানীয়দের যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন  স্কুল কলেজের শত শত শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে। তা ছাড়া এই রাস্তার দুধারে  বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে এই রাস্তার গুরুত্ব অপরিসীম। প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়ে কপিলমুনি কলেজের রাস্তার সাথে সংযোগ হওয়া এই রাস্তা দিয়ে  পথচারীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। প্রবল বর্ষণে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির  বেশিরভাগ অংশ জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদাপানিতে একাকার হয়ে যায়।  ফলে পুরো বর্ষা মৌসুমে রাস্তাটিতে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে। যে কারণে  প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।

রাস্তাটির  অবস্থা এতটাই বেহাল যে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।  এছাড়া, পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।  ১৫০ গজ দৈর্ঘ্যের রাস্তাটির দু’ধারে  আবাসিক ভবন ,একাধিক ডায়াগনস্টিক সেন্টার, বহু এনজিও প্রতিষ্ঠান, ডিলার পয়েন্ট ,গ্রামীণ ব্যাংক, পানির প্লান্ট, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের গুদামঘর সহ একটি মুরগি হাট অবস্থিত।

বিশিষ্ট সার ব্যবসায়ী জি এম রফিকুল ইসলাম জানান, এই রাস্তাটিতে প্রায় দেড় দশক যাবৎ উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো কাজের কাজ কিছুই হয়নি।

ক্ষোভ প্রকাশ করে মুরগি ব্যবসায়ী খোকন সরদার বলেন, আমরা বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছি কিন্তু কোন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

কপিলমুনি কলেজের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য বিদ্যাপীঠের ছোট ছোট ছেলেমেয়েদের এই রাস্তা দিয়ে যাতায়তে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তারা কলেজ বা অন্যান্য বিদ্যাপীঠে সময়মত পৌঁছাতে পারে না এবং বৃষ্টির দিনে ক্লাস করতে আসা তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে।

কপিলমুনি  কলেজের অনার্স শিক্ষার্থী মোঃ রোমান সরদার বলেন, শিক্ষার্থীদের নিরাপদে ও সময়মতো ক্লাসে পৌঁছানোর জন্য রাস্তাটি আশু সংস্কার প্রয়োজন।

 

Loading