বিএনপি জনগণের মন জয় করতে পারেনি

প্রকাশিত: 5:35 PM , January 28, 2021

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতোই সমালোচনা ও ষড়যন্ত্র করুক বিএনপি, জনগণের মন জয় করতে পারেনি তারা। এ কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চট্টগ্রামবাসী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চট্টগ্রামবাসী। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ। বিএনপি এবার অতীতের মতো মাঝপথ থেকে সরে যায়নি।

ওবায়দুল কাদের এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন হিসেবে মনে করেন। এ কারণে জয়ী মেয়র, কাউন্সিলর ও চট্টগ্রামবাসীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও সেতুমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে জনগণকে সংশয়মুক্ত হয়ে এবং কোনো অপপ্রচারে সাড়া না দিয়ে করোনার টিকা নেওয়ার জন্য আহ্বান জানান।

Loading