জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আশুলিয়ায় আঞ্জু এন্টারপ্রাইজের দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ , জুন ৫, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আশুলিয়ার দোসাইদে আঞ্জু এন্টারপ্রাইজের উদ্যোগ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপি’র সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাবেল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনা এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

সভায় সভাপতিত্ব করেন আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও আশুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন । সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ বদরুল আলম, আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খুরশেদ আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ ।

আশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ হুমায়ুন খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

Loading