ফিলিস্তিনী জনগণের অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , জানুয়ারি ২১, ২০২৪ জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে।উগান্ডায় শনিবার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনী রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন।এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য।তিনি আরও বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্ব শান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এ কারণে মেরুকরণ এবং সর্বত্র চরমপন্থীরা উৎসাহিত হবে।গুতেরেস বলেন, ফিলিস্তিনী জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সকলকে স্বীকৃতি দিতে হবে।উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘনবসতিপূর্ণ গাজায় লোকদের বসবাসের অমানবিক পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছে। কারণ ইসরাইলী হামলায় অসংখ্য বাস্তুচ্যুত লোক গাজায় মানবেতর দিনযাপন করছে।এ প্রেক্ষিতে গুতেরেস অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। শেয়ার আন্তর্জাতিকবিষয়: