চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 4:04 PM , March 17, 2021

চট্টগ্রামের আগ্রাবাদে আবারো কিশোর গ্যাংয়ের তাণ্ডব। মোটরসাইকেল রেস করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

পুলিশ জানায়, বুধবার (১৭ মার্চ) সকালে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় সড়কে যান চলাচল বন্ধ করে মোটরসাইকেল রেস করছিল একদল কিশোর। এ সময় ওই সড়ক দিয়ে মোহসিন নামে এক যুবক রিকশায় করে যেতে চাইলে বাধা দেয় কিশোররা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ছুরিকাঘাতে আহত হন আবুল হাশেম। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অভিযান চালিয়ে দু’পক্ষের ২৪ জনকে আটক করে পুলিশ।

Loading