আশুলিয়ায় ডেঙ্গু রোধে যুবদল নেতা তাইজুল ইসলামের মশক নিধন কার্যক্রম শুরু

প্রকাশিত: 12:21 AM , September 16, 2026

ডেঙ্গুর প্রকোপ ও মশাবাহিত রোগের বিস্তার রোধে আশুলিয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে করে কার্যক্রমের সূচনা করেন। আশুলিয়ার প্রতিটি পাড়ামহল্লার অলিগলি সহ প্রতিটি হাটবাজার, ডোবানালা ও ঝাড়ঝোপ গুলোতে চলবে এই মশক নিধন কার্যক্রম ।

উদ্বোধনকালে তাইজুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

যুবদল নেতা তাইজুল ইসলাম আরো বলেন, ঢাকা ১৯ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশুলিয়াবাসীর জীবনমান উন্নয়নে তৃণমূল থেকে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর কার্যক্রম গুলো যথাযথ ভাবে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য তিনি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মুন্সী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাইজুল ইসলামের মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।

Loading