বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 1:28 PM , April 28, 2024

বান্দরবান প্রতিনিধি,

বান্দরবানে রুমার ও থানচি সীমান্তবর্তী বাকত্লাই পাড়া এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও দুই জনকে।

আজ রোববার (২৮ এপ্রিল) সকালে রুমার ও থানচি সীমান্তবর্তী বাকত্লাই পাড়া এলাকায় দুটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।।

মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে পুলিশ। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে আজ রোববার সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দুই জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে বান্দরবান জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় আজ রবিবার (২৮ এপ্রিল ২০২৪) সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত, তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘দুই জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হবে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।’

Loading