নতুন শনাক্ত ২৯৫ জনচট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দুইশো ছাড়াল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:12 AM , July 9, 2020 চট্টগ্রামে নতুন করে আরো ২৯৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭৭২ জনে। আর করোনায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। এ নিয়ে আক্রান্তদের মাঝে মৃত্যুর সংখ্যা দুইশো ছাড়াল চট্টগ্রামে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০৪ জনের। হিসেবে আক্রান্তদের মাঝে মৃত্যুর হার ১.৮৯ শতাংশ। করোনায় চট্টগ্রামে মৃত্যুর এ হার সারাদেশের গড় মৃত্যুর হারের চেয়ে তুলনামূলক বেশি। শেষ ২৪ ঘন্টায় মৃত ৬ জনের ৫ জন মহানগরীর এবং ১ জন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর বাইরে অন্যান্য জটিলতাসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, মঙ্গলবার চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষার রিপোর্টে চট্টগ্রামের ২৯৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ২১৬ জন মহানগরীর এবং ৭৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে মঙ্গলবার ২৭৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন মহানগরীর বাসিন্দা। আর ২ জন উপজেলা পর্যায়ের। চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে সর্বোচ্চ ৫৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে মঙ্গলবার। এতে ১১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯৬ জন মহানগরীর আর ১৯ জন উপজেলা পর্যায়ের। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২০৩ টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন মহানগরীর। আর ১৫ জন উপজেলা পর্যায়ের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৩ জন মহানগরের এবং ৩৩ জন উপজেলার বাসিন্দা। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে মঙ্গলবার ১৯০টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর ৩৭ জন মহানগরীর, অপর ২ জন উপজেলার বাসিন্দা। বেসরকারি সেভরণ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৩৬ জন মহানগরীর এবং ৮ জন উপজেলার বাসিন্দা। কঙবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবারও চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি। সবমিলিয়ে মঙ্গলবার ১ হাজার ৪৭১ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ২৯৫ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৬ জন মহানগরীর এবং ৭৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে। একদিনে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এ উপজেলায়। এর বাইরে রাউজানে ১০ জন, ফটিকছড়ি ও চন্দনাইশে ৮ জন করে, পটিয়ায় ৬ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন, সীতাকুন্ড ও মিরসরাইয়ে ৪ জন করে, সন্দ্বীপ ও লোহাগাড়ায় ২ জন করে এবং সাতকানিয়া, আনোয়ারা ও বোয়ালখালীতে ১ জন করে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে, নতুন করে শনাক্ত ২৯৫ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭২ জনে। নতুন ৬ জনসহ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ২০৪ জন। এছাড়া নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ১ হাজার ২৭৯ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আজাদী শেয়ার চট্টগ্রামবিষয়: