‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই অনুষ্ঠিত

প্রকাশিত: 10:09 PM , October 13, 2026

মেধা ও যুক্তিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যশোর জেলার শার্শা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘সৃজনশিক্ষা আয়োজিত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’। একটি জ্ঞানভিত্তিক ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে এই জমজমাট বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশিক্ষা।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং সভাপতিত্ব করেন সুজনশিক্ষা-এর সভাপতি মো. নাজমুল হুসাইন।

​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই শার্শার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় ক ও খ গ্রূপে বিভিন্ন বিষয়ের ওপর যুক্তি-তর্ক ও পাল্টা-তর্ক উপস্থাপন করে তাদের মেধা ও বাগ্মিতার প্রমাণ দেয় প্রতিযোগীরা। পুরো প্রতিযোগিতা জুড়েই ছিল উত্তেজনা ও বুদ্ধিবৃত্তিক দ্বৈরথ।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, “সৃজনশিক্ষার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে এধরণের মেধাভিত্তিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। আমি আশা করি, এই প্রতিযোগীদের মাধ্যমেই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।”

​বিশেষ অতিথির বক্তব্যে সুজনশিক্ষার সভাপতি মো. নাজমুল হুসাইন বলেন, “সৃজনশিক্ষা সবসময় শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিতর্ক প্রতিযোগিতা শুধু কথা বলার দক্ষতা বাড়ায় না, এটি যুক্তিবোধ ও সমালোচনামূলক চিন্তারও বিকাশ ঘটায়। আজকের বিজয়ীরা শুধু পুরস্কারই গ্রহণ করছে না, তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করেছে।”

​অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আকর্ষণীয় ট্রফি ও সনদপত্র তুলে দেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি সৃজনশিখার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

​সৃজনশিখার এই অনন্য উদ্যোগ শার্শা এলাকায় শিক্ষার মান উন্নয়নে নতুন এক মাইলফলক তৈরি করল বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন আরও বুদ্ধিদীপ্ত আয়োজন শার্শাবাসীকে নতুন দিকনির্দেশনা দেবে।

Loading