জাগুক নতুন প্রাণ প্রত্যয়ে শুভজনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:36 PM , September 8, 2026 শুভজন সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রমানবিকতা, দেশপ্রেম এবং নৈতিকতা বজায় রেখে নতুন দিনের স্বপ্ন নিয়ে ‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়দীপ্ত শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন’র পঞ্চদশ তম জন্মদিনে এক আনন্দঘন মেলবন্ধনে মিলিত হন শুদ্ধ ধারার শিল্প সংস্কৃতি কর্মীরা। গত ০৭ সেপ্টেম্বর সোমবার শুভজন পদার্পণ করে প্রতিষ্ঠার ১৫ তম বর্ষে। এ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত শুভজন সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বিকাল চারটায় প্রীতিসম্মিলন ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। ‘জাগুক নতুন প্রাণ’ এ প্রতিপাদ্য নিয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন শুভজনের সাথে যুক্ত লেখক, সাংবাদিক, শিল্পী, সাহিত্য-সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীরা। শুভজনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পর্ষদের সভাপতি আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এর সঞ্চালনায় এবং শুভজন’র সিনিয়র সহ-সভাপতি কবি ও সংগীতশিল্পী শামীমা নাসরিনের সভাপতিত্বে জন্মদিনের কেক কাটা, আনন্দ আড্ডা এবং প্রীতিভোজের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজনের শুরুতে শুভজন পদক ও উপাধিপ্রাপ্ত সদ্য প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ মুস্তাফা মনোয়ারসহ পরলোকগত শুভজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনা পর্বে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে শুভজনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাসিরউদ্দিন শাহ্ বলেন– বিভিন্ন দূর্যোগে ও দূর্দশায় আর্ত মানবতার পাশে যাঁরা সবসময়ই থাকেন তাঁরা প্রত্যেকেই শুভজন। যাঁরা অন্ধকারে পথ দেখিয়ে আলোর পথে নিয়ে যায় তাঁরাই শুভজন। যাঁরা সবসময়ই দেশ ও দশের সেবায় নিয়োজিত তাঁরা শুভজন। আজকে সেইসব শুভ মানুষদের সংগঠন শুভজনের দীর্ঘ পনের বছরের সফল পথচলায় আমাদের প্রত্যাশা রইলো শুভজন বেঁচে থাকুক শত সহস্র বছর। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শুভজন’র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী ও কবি শামীমা নাসরিন বলেন- দীর্ঘ ১৪ বছর পেরিয়ে শুভজন আজ প্রতিষ্ঠার ১৫তম বর্ষে পদার্পণ করেছে। ‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়ে এগিয়ে চলা শুভজন সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী শুভজনের বিভিন্ন শাখার মানবিক বন্ধুদের অংশগ্রহণে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি নানাবিধ ভালো ও মানবিক কাজেও শুভজনের সদস্যরা যুক্ত রয়েছেন। ১৫ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় শুভজন’র প্রতিষ্ঠাতা তরুণ রাসেল বলেন- শুভজনের পঞ্চদশ বর্ষে পদার্পণের এই শুভক্ষণে সংগঠনের সঙ্গে যুক্ত সবার মানবিক বোধের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আজ এই শুভদিনে প্রিয় স্বদেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করি। সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কাজ করাই শুভজনের অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দীর্ঘ সময়ে সংগঠনটির উদ্যোগে বিভিন্নরকম সাংস্কৃতিক আয়োজন, সাহিত্যচর্চা, গুণীজনদের সম্মাননা এবং সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে ১৪ বছরের পথচলা পেরিয়ে নতুন বছরে আরও বিস্তৃত পরিসরে মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করছে শুভজন। আলোচনা পর্বে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভজন সদস্য চিত্রশিল্পী মোহাম্মদ আলী, কবি শেখ নাসির উদ্দীন, শুভজন ঢাকা পশ্চিম অঞ্চলের শাখা প্রধান গীতিকবি এসএম শফিক, নারায়ণগঞ্জ শাখার সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ। তাদের বক্তব্যে শুভজনের দীর্ঘ পথচলা, সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শুভেচ্ছা কথামালার ফাঁকে ফাঁকে চলতে থাকে শুভজন’র শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও কবিতা আবৃত্তি। এ পর্বে সংগীত পরিবেশন করেন – শুভজন মুন্সিগঞ্জ শাখা প্রধান সংগীতশিল্পী মাহতাবউদ্দিন এবং শিল্পী শাহাদাত হোসেন। কবিতা আবৃত্তি করেন – শুভজন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সদস্য আবৃত্তিশিল্পী জেরিন হাফসা। সবশেষে সংগঠনের সদস্য, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানে বিশাল আকৃতির একটি কেক কেটে শুভজন’র ১৫ তম জন্মদিন উদযাপন করা হয়। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: