​শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস

প্রকাশিত: 11:59 PM , November 8, 2026

“সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

​সকাল ১০টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শার্শার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আল ইমরান।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, “সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। সমবায় সমিতির মাধ্যমে যারা ঋণ গ্রহণ করছেন, তারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন।” সমবায়ের কার্যক্রম আরও সম্প্রসারিত হলে আগামী দিনে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। এই কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

​আলোচনা সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ করেন।

Loading