শেখ কামালের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:13 PM , July 10, 2020 সরকারিভাবে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৫ আগস্ট দিবসটি উদযাপনে গতকাল এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। তিনি শুধু আধুনিক ফুটবলের রূপকারই নন, দেশের সকল খেলাধুলার উন্নয়নে রয়েছে তার অনবদ্য ভূমিকা। আমরা এ বছর প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।জাহিদ আহসান আরও বলেন, দিবসটি উদযাপনে বিস্তারিত কর্মসূচি নিচ্ছি। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিধি মেনে সকল কর্মসূচি পালন করা হবে। তার বনার্ঢ্য জীবনের পুর্নাঙ্গ ডকুমেন্টারি তৈরি করবো। সেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তার অবদান তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধে তিনি যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটিও ফুটিয়ে তোলা হবে।প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে আমরা সংস্কৃতি, তথ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে অল্প সময়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় মিলিত হবো। এছাড়াও দিবসটিকে স্মরণীয় করে রাখতে শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।ভার্চুয়াল সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব মোঃ সাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি হারুনুর রশীদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক তানভীর মাজহার তান্না ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু অংশগ্রহণ করেন। সূত্র: বাসস শেয়ার বিশেষ ব্যাক্তিত্ববিষয়: