মরমী বাউলসাধক আব্দুল মজিদ তালুকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , জুন ৩০, ২০২৫

নেত্রকোনায় মরমী বাউলসাধক ও গীতিকবি আব্দুল মজিদ তালুকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

২৯ জুন রবিবার রাত ৮টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে মরমী বাউল সাধক ও গীতিকবি আব্দুল মজিদ তালুকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মরণসভা এবং বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে আব্দুল মজিদ তালুকদারের মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ।

উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান।

কবি সাইফুন্নাহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা ও লোকশিল্পী আব্দুল কদ্দুছ বয়াতী। স্বাগত বক্তব্য রাখেন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।

আলোচনা শেষে জেলার বাউলশিল্পীরা আব্দুল মজিদ তালুকদারের লেখা ও সুর করা গান পরিবেশন করেন। বাউলসাধক আব্দুল মজিদ তালুকদার ১৮৯৮ সালের ১৫ জুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইটাউতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সালের ৮ জুন মারা যান। তিনি পাকিস্তান রেডিও, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অল ইন্ডিয়া রেডিওর তালিকাভূক্ত শিল্পী ছিলেন।

পাশাপাশি ছিলেন বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয়দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, টাঙ্গাইলের কাগমারি সম্মেলন, নেত্রকোনার সারাভারত কৃষক সম্মেলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তার লেখা গানের সংখ্যা চার সহস্রাধিক।

Loading