বান্দরবানের লামায় একজনকে গুলি করে হত্যা

প্রকাশিত: 2:58 PM , January 4, 2022

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের লামা উপজেলায় মংক্যচিং মার্মা (৩৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় এ ঘটনাটি ঘটে।

মংক্যচিং মার্মা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি সোমবার রাতে লামার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। মাঝরাতে ৬-৭ জনের একটি অস্ত্রধারীর দল বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেড়াতে আসা জামাইকে গুলি করে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

Loading