মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

প্রকাশিত: 5:44 PM , November 25, 2021

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জমি দখলসহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে।

গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।

Loading