১১ জুন প্রকৃত গণতন্ত্র মুক্তি দিবস

প্রকাশিত: 4:25 PM , June 11, 2021

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১১ জুন জননেত্রী শেখ হাসিনা কারামুক্তি পেয়েছেন। তার চেয়ে বড় কথা হলো ২০০৮ সালের ১১ জুন দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার (১১ জুন) রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, ১/১১-এর সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণতন্ত্রের পায়ে শিকল পরিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মলরঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মোনাজাত শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্বেচ্ছাসেবক লীগের করোনা বুথ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, নির্মল চ্যাটার্জি, কৃষিবিদ আব্দুস সালাম, অ্যাডভোকেট শাহনাজ আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান, আবির আল হাসান, মেহেদী হাসান মোল্লা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম বিপুল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালমা হাই টুনি, ডিজিটাল এন্ড আর্কাইভ সম্পাদক আব্দুল হান্নানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Loading