বন্দর নগরী বেনাপোলে জাকজমকপূর্ণভাবে এনটিভি’র ২৪তম বর্ষপূর্তি উদযাপণ

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৬

“সত্যের সন্ধানে পথচলার অঙ্গীকার” নিয়ে উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোলে পালিত হলো দেশের অন্যতম জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৪তম বর্ষপূর্তি। এ উপলক্ষে শনিবার (৪ জুলাই) বিকালে বেনাপোলে এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​দিনের কর্মসূচির প্রথম পর্বে বিকেল ৪টায় বেনাপোল কাস্টমস হাউজ সম্মুখ হতে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্ববর্তী স্থানে এসে শেষ হয়। এনটিভি’র বেনাপোল প্রতিনিধি মো. মহসিন মিলনের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে স্থানীয় গণমাধ্যম কর্মী, ৪৯ বিজিবি’র প্রতিনিধি, পুলিশ সদস্য, বন্দর শ্রমিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​দ্বিতীয় পর্বে বেনাপোল কাস্টমস হাউজ সম্মুখস্থ বন্দর কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত “বেনাপোল প্রেসক্লাব” কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এনটিভি’র বেনাপোল প্রতিনিধি মো. মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেন মহসিন মিলন।

এ সময় ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার (সিও), যশোর’-এর পক্ষে আগত প্রতিনিধি নায়েক সুবেদার রবিউল ইসলাম এনটিভি’র প্রতিনিধি মহসিন মিলনকে শুভেচ্ছা স্মারক হিসেবে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনুরোধ জানিয়ে বলেন, “সাংবাদিকদের সবসময় সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে।

মিথ্যা কোনো তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না।” তিনি আরও উল্লেখ করেন যে, কিছু ক্ষেত্রে সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানির মতো ঘটনা ঘটছে, যা সাংবাদিকতার মতো মহৎ পেশার সাথে সম্পূর্ণ বেমানান। তিনি এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা তাদের পেশার মান বজায় রেখে সঠিক নিয়ম মেনে কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

​প্রধান অতিথির বক্তব্যে বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. শামীম হোসেন এনটিভিকে “সকলের অত্যন্ত প্রিয় এবং প্রাণের চ্যানেল” হিসেবে অভিহিত করেন। সুন্দর এই আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মিডিয়া হলো সমাজের দর্পণ। একটি সমাজকে সঠিকভাবে দেখতে হলে মিডিয়ার মাধ্যমেই তা সম্ভব।”

বেনাপোলে তার কর্মকালের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এখানকার সাংবাদিকরা খুবই ভালো কাজ করছেন। তাদের বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের কারণে অনেক সত্য ঘটনা সামনে এসেছে এবং অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।”

বন্দর পরিচালক হিসেবে তিনি সাংবাদিকদের একটি “আশীর্বাদ” হিসেবে অভিহিত করেন এবং বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের প্রশংসা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানের সভাপতি মহসিন মিলন তার বক্তব্যে এনটিভি’র সুদীর্ঘ যাত্রায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রিন্ট মিডিয়ার বর্তমান চ্যালেঞ্জসমূহ, মাল্টিমিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান গুরুত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে তথ্য ও ছবির সত্যতা যাচাইয়ের (Fact-checking) প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন।

​তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রধান অতিথি বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার রবিউল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পোর্ট থানার পুলিশ প্রতিনিধি, স্থানীয় প্রেসক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ এবং বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫’-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী সহ সকল গণ্যমান্য অতিথি ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​সভা শেষে অতিথিদের সাথে নিয়ে এনটিভি’র ২৩ বছর পূর্ণ ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে এনটিভি’র আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

Loading