ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন —–জেলা প্রশাসক মুরাদ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , এপ্রিল ৪, ২০২৬ ঢাকার জেলা প্রশাসক দায়িত্ব নিয়েই ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন নবনিয়োগপ্রাাপ্ত প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রশাসক মুরাদ বলেন,”বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ঢাকা জেলা পরিষদের উন্নয়নের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে। আমি দায়িত্ব নেওয়ার পর এখন থেকে জেলা পরিষদে আর কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না। জেলা পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের ‘পারসেন্টেজ’ বা কমিশন বাণিজ্য থাকবে না।”সভায় তিনি তার আগামী দিনের কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার ৫টি উপজেলাসহ রাজধানীর মোট ২০টি সংসদীয় আসনের অধীনে থাকা জেলা পরিষদের বেহাল ৪০৫ একর জমি উদ্ধারের চেষ্টা করা হবে। ঢাকা জেলা পরিষদের অসমাপ্ত ২০ তলা ভবনের কাজ দ্রুততম সময়ে শেষ করা হবে। অবকাঠামো উন্নয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সমাজের অবহেলিত মানুষের দোরগোড়ায় জেলা পরিষদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে জেলার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা হবে এবং পুরো জেলা পরিষদকে নতুন করে সাজানো হবে। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: