সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রথম রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:49 PM , April 3, 2026 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগে শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক “Robotics Workshop” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) আয়োজিত এ কর্মশালাটি ডিজিটাল যুগের চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় রোবোটিক্স, প্রোগ্রামিং এবং প্রযুক্তির মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।কর্মশালায় টিউটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী। তাদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করে এবং নিজেদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, আইসিটি অফিসার আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।বক্তারা বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব জানান, গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসারে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, সেনবাগ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে রোবোটিক্স কর্মশালা চালু করতে স্থানীয় সামাজিক সংগঠন ও বিত্তশালীরা এগিয়ে আসবেন।এ ক্ষেত্রে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর অবদান অনুকরণীয় বলে উল্লেখ করা হয়।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।আয়োজকরা জানান, এই রোবোটিক্স কর্মশালা আধুনিক শিক্ষার পথে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেয়ার নোয়াখালীবিষয়: