গাড়ি বাড়ি বিক্রি করে পাওনা পরিশোধ করলো রোর ফ্যাশন ; শ্রমিকদের সন্তুষ্ট প্রকাশ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৯, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ও জমি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করলেন ভালুকার কাঠালী এলাকার রোর ফ্যাশন লিমিটেড এর মালিক মামুনুল ইসলাম । সন্তুষ্ট প্রকাশ সহ মালিকের জন্য শুভকামনা জানালেন শ্রমিকরা ।

রোর ফ্যাশন লিমিটেড কারখানার শুরু থেকে কর্মরত শ্রমিক আজিম, সারোয়ার, আকাশ, লতিফ ও জলিল সহ কারখানার অন্যান্য শ্রমিকরা নিউজ ৭১অনলাইনকে জানান, রোর ফ্যাশন থেকে আমরা সর্বসময়ই শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা পেয়েছি। আমরা রোর ফ্যাশনে চাকরি করে এতো দিন ভালোভাবেই চলছিলাম, কিন্তু দুর্ভাগ্য, কাজ না পাওয়ায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি সংকটে পড়ে যায় । আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি ২০২৪ সালের অক্টোবর মাস থেকে বন্ধ থাকলেও, ম্যানেজিং ডিরেক্টর মামুনুল ইসলাম স্যার সবসময় আমাদের পাওনা পরিশোধের বিষয়ে আন্তরিক ছিলেন। নানান অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও, তিনি নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ও জমি বিক্রি করে আমাদের বেতন, বোনাস ,সমস্ত পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করেছেন। এটি আমাদের জন্য একটি বড় স্বস্তির বিষয় এবং আমরা দৃঢ়ভাবে বলছি যে, মামুনুল ইসলাম স্যার কোনো রকম শ্রমিকের পাওনা রেখে দেননি। বরং তিনি তাঁর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি যখন সংকটে পড়ে তখন তথাকথিত কিছু শ্রমিক নেতা আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে মালিক শ্রমিকের মধ্যকার আন্তরিকতা ও একতার মাঝখানে দুরত্ব ঘটায় । পরবর্তীতে তাদের উদ্দেশ্য বুঝতে পেরে আমরা স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল এন্ড লেদার ও ওয়ার্কাস ফেডারেশন এবং বাংলাদেশ পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পরামর্শ নেই । তাদের প্রচেষ্টায় অসাধু চক্রের চক্রান্ত মোকাবেলা করতে আমরা সকল শ্রমিক ঐক্য হই এবং ঐসকল অসাধু চক্রের উস্কানিতে প্রভাবিত হয়ে যাতে কেউ আন্দোলনের নামে আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির ক্ষতি করতে না পারে সে বিষয়ে সচেতন হই । কারণ আমরা রোর ফ্যাশন লিমিটেডকে ভীষণ ভালোবাসি । আমরা ভীষণ ভালোবাসি আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মামুনুল ইসলাম স্যারকে। তিনি এত প্রতিকূলতার মাঝেও আমাদের দিকে আন্তরিকতা দেখিয়েছেন । অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও, নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ও জমি বিক্রি করে আমাদের বেতন, বোনাস সহ শ্রম আইন অনুযায়ী সমস্ত পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। আমরা তাহার দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি সকল সংকট কাটিয়ে সফল উদ্যোক্তা উঠুক।
তাঁর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা এখন অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন। আমরা চাই, আমাদের বক্তব্যের মাধ্যমে বায়ার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব মহল বুঝুক যে, তিনি একজন দায়িত্বশীল এবং সৎ উদ্যোক্তা। তাঁর সম্মান যেন পুনরুদ্ধার হয় এবং ভবিষ্যতে তিনি যেন কাজের সুযোগ পান—এটাই আমাদের আকাঙ্ক্ষা।

Loading