সেনবাগে আমগাছের ঢাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: 12:37 PM , May 8, 2025

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়নে আমগাছের ঢাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম(৬০) নামে একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (৬ মে) বিকেলে এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরদিন বুধবার (৭ মে) সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেশারপাড় ক্লাব ঘর সংলগ্ন এলাকায় নিহত কাশেম ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে পরিবারের জন্য নাস্তা আনতে দোকানে যান। দোকান বন্ধ থাকায় তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

সকালে পায়চারি করতে আসা তিনজন ব্যক্তি আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানীগঞ্জ সার্কেল) ইমরান খাঁন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান এবং সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় কেশারপাড় ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এসআই জাকির দেওয়ান ও সঙ্গীয় ফোর্সসহ ওয়াসিম নামের একজনকে গ্রেফতার করেছেন।

Loading