ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ৪ জনের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:52 AM , October 11, 2023 ময়মনসিংহের ত্রিশালে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে অপর বাসের ধাক্কায় ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন মহিলা রয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ত্রিশাল উপজেলার চেলেরঘাট আসতেই চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে দাঁড় করিয়ে চলে যেতে চায়।এসময় অপর একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।ওসি মাঈন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শেয়ার সারা দেশবিষয়: