জীবন মেরে ফেলা কারোরই কাঙ্ক্ষিত নয়

প্রকাশিত: 5:14 PM , March 1, 2023

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, কোন একটা জীবন মেরে ফেলুক এটা কারোরই কাঙ্ক্ষিত নয়। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা কমিয়ে আনা যায়।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বন্দর পরিদর্শন শেষে কসবায় যান বিজিবি প্রধান।

তিনি বলেন, ডিজি লেভেলের সম্মেলনে অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি। এগুলো (সীমান্ত হত্যা) আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কমিয়ে আনার।

বিএসএফ’র বাঁধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন এবং কসবা রেলওয়ে স্টেশন এবং সালদা নদী সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, “ইমিগ্রেশন ভবনের বিষয়টি জানা নেই। কসবা স্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। আমি দায়িত্ব নেয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, খুব দ্রুত কাজ শুরু হবে।”

তিনি বলেন, মাদক বিষয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি। মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।

Loading