ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 5:52 PM , December 26, 2022

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মুহাম্মদ ওসমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুহাম্মদ ওসমান উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজু রহমান প্রকাশ কালা মনার ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণহাট ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা দিদার জানিয়েছেন, নিহত ওসমান পেশায় একজন টাইলস মিস্ত্রি। প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে বাইক চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কে উত্তর প্রান্ত থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওসমান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাস আমাদের হেফাজতে রয়েছে। চালক পলাতক। এখনো মামলা হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Loading