ট্রলারডুবির ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: 6:58 PM , September 25, 2022

পঞ্চগড়ের করতোয়া নদীতে ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলাদা বাণীতে এ শোক প্রকাশ করেন তারা।

পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। চলছে উদ্ধারকাজ।

রোববার দুপুরে করতোয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে নৌকায় মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Loading