ঝড়বৃষ্টির পূর্বাভাস

১৫ জেলায় সতর্কসংকেত

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২২

দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগেরই কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে রোববার (১৮ সেপ্টেম্বর) সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

Loading