ব্রিটিশ রাজপরিবারের অভ্যর্থনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২২

বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটিশ রাজপরিবারের দেয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাঁকজমক অভ্যর্থনার আয়োজন হয় বাকিংহাম প্যালেসে। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পুরো বিশ্বের নেতারা।

বাকিংহাম প্যালেসের এই আয়োজনে চোখ ধাঁধানো বিরল প্রটোকল আর নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত ছিলো প্রাসাদ জুড়ে। এখানে শুধুমাত্র জো বাইডেনকেই নিজস্ব গাড়ি ব্যবহার করতে দেখা গেছে।

এছাড়া জাস্টিন ট্রুডো, ইমানুয়েল ম্যাখোঁর মতো প্রভাবশালী দেশের নেতারাসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অত্যাধুনিক বাস এবং উন্নতমানের মাইক্রোতে করে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়েছে।

অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও।

এদিন সকালে বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গিয়ে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রানির মৃত্যুতে খোলা শোক বইয়ে তিনি সই করেন।

শোক বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ, আমার পরিবার ও আমার ছোট বোন রেহানার পক্ষে গভীর শোক জ্ঞাপন করছি।’

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে লন্ডন ত্যাগ করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কের পথে ইংল্যান্ডের রাজধানী ত্যাগ করবেন।

এর আগে শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে (যুক্তরাজ্য) পৌঁছান।

Loading