বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২২ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না। তারা জানে যে, তাদের পায়ের নিচে মাটি নেই। আগামী নির্বাচনে তাদের একদম ভরাডুবি ও পরাজিত হবে। তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাঁর জেলে থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতা বিবেচনায় এবং সরকারের উদারতায় জেলের বাইরে রয়েছেন। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিএনপির আরেক নেতা তারেক রহমান বিদেশে থেকে রিমোট কন্ট্রোলে দল পরিচালনা করে। সেও দুর্নীতি পরায়ণ, আইন অনুযায়ী তাঁরও নির্বাচনে দাঁড়ানো খুব সহজ নয়। কাজেই, বিএনপি কোনক্রমেই নির্বাচন চায় না। বিএনপি চায় সরকারের পতন। কিন্তু এ সরকার জনগণের নির্বাচিত সরকার। আগামী নির্বাচনের আগ পর্যন্ত জনগণের রায় ব্যতীত আওয়ামী লীগ সরকারের পতন হবে না।আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল। অতীতে তাঁরা স্বস্ব পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি যতদূর জানি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা সবার মাঝে তৈরি হয়েছে এবং সবাই মনে করছে এই নতুন কমিশনের মাধ্যমে একটা ভাল নির্বাচন হবে।মন্ত্রী আরও বলেন, দেশে নির্বাচন কমিশন গঠনের জন্য কোন আইন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন করেছেন। এ আইনানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। কাজেই, বিএনপি এ কমিশনকে প্রত্যাখ্যান করুক বা না করুক- তাতে কিছু যায় আসে না। তারা যতোই আন্দোলনের হুমকি দিক, আগামী নির্বাচন বন্ধ করতে পারবে না।বাসাইল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপত্তিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুন অর রশিদ মামুন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস প্রমুখ।সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিলর ও ডেলিগেট নিয়ে বাসাইল উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। শেয়ার রাজনীতিবিষয়: