কিশোরগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার খবর পাওয়া গেছে। এ সময় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের প্রায় ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় কেউ হতাহত হয়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ফুল দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৭ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Loading