এবার বঙ্গবন্ধুকে নিয়ে কট্যুক্তি করলেন পৌর মেয়র আব্বাস নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:26 PM , November 23, 2021 মেয়র বিতর্ক থামছেই না। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বঙ্গবন্ধুকে নিয়ে কট্যুক্তি করার রেশ কাটতে না কাটতেই এবার কট্যুক্তি করলেন রাজশাহীর কাটাখালী পৌরসভায় নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী।আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মেয়র আব্বাস আলীর এক মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল স্থাপন ইসলামের চোখে মহাপাপ; সে কারণে রাজশাহী সিটি গেটে জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর মুর্যাল বসাতে না দেয়ার নির্দেশ দিয়েছেন এই মেয়র।রোববার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস।সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে, মেয়র আব্বাস একজনকে বলছেন, ‘‘সিটি গেট আমার অংশে। …ফ্রার্মকে দিয়েছে তারা বিদেশী স্টাইলে সাজিয়ে দিবে; ফুটপাত, সাইকেল লেন টোটাল আমার অংশটা। কিন্তু একটু ঠেকে গেছি গেটটা নিয়ে। একটু চেঞ্জ করতে হচ্ছে… যে মুর্যালটা দিয়েছে বঙ্গবন্ধুর সেটা ইসলামি শরীয়ত মতে সঠিক নয়।’’মেয়র আব্বাস আলী বলছেন, ‘‘আমি দেখতে পাচ্ছি যে মুর্যালটা ঠিক হবে না দিলে; আমার পাপ হবে; তো কেন দিব দিব না। আমিতো কানা না, যেভাবে বুঝাইছে তাতে আমার মনে হয়েছে মুর্যালটা হলে আমার ভুল করা হবে। এ খবরটা যদি যায় তাহলে আমার রাজনীতির বারোটা বাজবে। তাহলে বঙ্গবন্ধুকে খুশি করতে গিয়ে… আল্লাহকে নারাজ করবো নাকি। এ জন্য কিছু করার নাই। মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না।’’মেয়র আব্বাস আলী কাটাখালি পৌরসভার আওয়ামী লীগের আহবায়ক। তিনি জেলা আওয়ামী লীগেরও সদস্য। তবে অডিওটি তার নয় বলে দাবি করে পুরো ঘটনা অস্বীকার করেছেন এই মেয়র।তিনি বলেন, ‘‘মুর্যাল করা যাবে না, মুর্যাল করলে পাপ হবে, এ ধরণের কথা আমার সঙ্গে কারও হয়নি।’’রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কট্যুক্তি করলে তার আওয়ামী লীগ করার অধিকার থাকে না। কাটাখালির মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোন কট্যুক্তি করে থাকে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে কট্যুক্তি করা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। আর তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় গত ১৯ নভেম্বর। শেয়ার সারা দেশবিষয়: