আশুলিয়ায় ভূমিদস্যু এমএ মতিনের বিরুদ্ধে আবারো জবর দখলের অভিযোগ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২১

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অবঃ) মোল্লা মাহমুদুল হাসানের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেছে আশুলিয়ার চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ এমএ মতিন ও তার লোকজন। এ অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। তিনি বলেন, অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে হামলা চালিয়ে ভাঙচুর করায় সোমবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত একজনকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে।

মেজর (অব) মোল্লা মাহমুদুল হাসান এজাহারে উল্লেখ করেন, আমার মালিকানাধীন আশুলিয়ার গাজীরচটের বসুন্ধরা এলাকার সি ব্লকের প্লট নং ২১৬ তে নির্মাণকাজ শুরু করতে চাইলে সেখানে বাধা প্রদান করে ভূমিদস্যু ও চাঁদাবাজ এমএ মতিন ও তার লোকজন। গত ২২ অক্টোবর মতিন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং সেই চাঁদা না দেয়ায় ২৩ অক্টোবর আবারও আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় মতিন। পরবর্তীতে ২৪ অক্টোবর দিবাগত রাতে আমার জমিতে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় এবং ৪ লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়। এই জমি আমি ১৯৯৬ সালে কিনেছি। আমার কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে, আমি এতদিন জমির খাজনা পরিশোধ করে আসছি।

এজাহারের ভিত্তিতে সোমবার (২৫ অক্টোবর) আশুলিয়া থানায় মামলা দায়ের হয়। সে মামলায় গাজিরচট এলাকার মৃত হাজী শফিউল্লাহ এর ছেলে এমএ মতিন (৫৫), মতিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগম (৪৫), মতিনের সহযোগী মো. আলম (২২), বিপ্লব (২৪), ইয়াসিন (২৭) ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এ বিষয়ে এমএ মতিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে জমিতে অনধিকারে প্রবেশ করে চাঁদা দাবি, মারপিট করা, চুরি, ক্ষতিসাধন ও হুমকি প্রদানের অপরাধে মামলা দায়ের করেছেন মেজর (অবঃ) মোল্লা মাহমুদুল হাসান। সে মামলায় ৩নং আসামি মো. আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আশুলিয়া এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু এমএ মতিন। তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ৩টি মামলা চলমান রয়েছে। আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তিনি। বিভিন্ন গণমাধ্যমে এর আগেও বেশ কয়েকবার তাকে নিয়ে জোরালো লেখালেখি হলেও কখনো গ্রেফতার হননি এই এমএ মতিন।

Loading