চট্টগ্রামে মোটরসাইকেলে যাত্রী বহন করা যাবে না নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:19 PM , June 29, 2021 আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে চট্টগ্রামে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করতে পারবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক অন্য কোনও আরোহীকে বহন করতে পারবেন না। এই সিদ্ধান্ত আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে কার্যকর হবে। নগরীর জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।সিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের মোকাবিলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। লক্ষ্য করা গেছে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। ফলে একই হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় নগরীর জনসাধারণকে জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে অনুরোধ করেছে সিএমপি। শেয়ার চট্টগ্রামবিষয়: