রামগড়ে ছিনতাইকারির ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির কর্মচারি আহত। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:51 PM , March 21, 2021 রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় অজ্ঞাতনামা ছিনতাইকারির ছুরিকাঘাতে আকাশ ত্রিপুরা(২৩) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। রবিবার( ২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আকাশ ত্রিপুরা রামগড়ের রুপাইছড়ি গ্রামের শান্ত ত্রিপুরার ছেলে। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রবিবার গুইমারা এলাকায় বিভিন্ন মালামাল সরবরাহ করে একটি ইজিবাইকযোগে (টমটম) রামগড়ে ফেরার পথে তৈচালাপাড়া নামক স্থানে ছিনতাইকারির খপ্পরে পড়েন তিনি। সন্ধ্যা ৭টায় তৈচালাপাড়ার সোমাচন্দ্র কার্বারিপাড়ায় দুজন মুখোশপরা ছিনতাইকারী তাদের ইজিবাইকের গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা আকাশ ত্রিপুরাকে বাইক থেকে টেনে নিচে নামিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিতে ধ্বস্তাধস্তি করে। এ সময় টমটমের চালক ও অন্য এক ব্যক্তি ছিনতাইকারীদের রুখতে এগিয়ে গেলে তারা আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত আকাশকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর চাকমা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু জড়িত কাউকে আটক করা যায়নি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হয়েছে এবং জড়িতদের ধরতে চেষ্টা চলছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: