ডাকসু: গুজবে কান না দিয়ে ‘নির্ভয়ে’ ভোটকেন্দ্রে আসতে বললেন রিটার্নিং কর্মকর্তা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৮, ২০২৫ কোনো ধরনের গুজবে কান না দিয়ে ‘নির্ভয়ে’ ভোটকেন্দ্রে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।রোববার বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “গুজবে কান না দেওয়ার জন্য আমরা ছাত্রী-ছাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি। গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে।”কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজ বা ওয়েবসাইট অনুসরণ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন অধ্যাপক জসীম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আমরা ৮টি কেন্দ্র স্থাপন করেছি, সেখানে তারা ভোট দিতে আসবে।“নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করবে, যে নেতৃত্ব তাদের পক্ষে, তাদের দাবি আদায়ের পক্ষে কাজ করবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্ভয়ে ক্যাম্পাসে এসে যাতে ভোট দিয়ে তাদের নেতৃত্ব ঠিক করে নেয়।”প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ইতোমধ্যে তাদের কাছে খবর আসছে, জাল ভোটার দিয়ে লাইনে লম্বা করার বিষয়ে, আর নকল পরিচয়পত্র বানানোর বিষয়ও তারা শুনেছেন।“এই জাল ভোট অথবা জাল ভোটারদের শনাক্ত করা, ভুয়া পরিচয়পত্র শনাক্ত করা, একবারে সহজ। যদি কেউ করে, ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে।”ভোটকেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর কথা জানিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, “ভোটের বুথ সংখ্যা নিয়ে নির্বাচনের বিভিন্ন অংশীজনের মাঝে শঙ্কা ছিল। আগে আট কেন্দ্রে ৭১০ বুথ ছিল। পরে সেটি বাড়িয়ে ৮১০ করা হয়েছে। যাতে আবাসিক, অনাবাসিক ভোটারদের কোনোভাবে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে না হয়।”তিনি বলেন, “আমরা নির্বাচনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। ছাত্রছাত্রীদের ভোটদানে উৎসাহী করতে আমরা এসব পদক্ষেপ নিয়েছি।“গত কয়েকদিন ধরে ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করেছি। অধিকাংশই নতুন ভোটার হওয়ায় ছাত্র-ছাত্রীদের উৎসাহী করতে চারটি অনুষদে সভা করেছি। সেখানে কমিশনের পক্ষ থেকে ভোটদান পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।”ভোটকেন্দ্রে শিক্ষার্থীর আনা-নেওয়ায় ক্যাম্পাসের ভেতরে শাটল সার্ভিস এবং ঢাকার ভেতরে ও আশপাশের জেলায় বিভিন্ন রুটেও বাস সংখ্যা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে নিরাপদে আসা-যাওয়া যাতে শিক্ষার্থীরা করতে পারে, সেজন্য আমরা পুলিশ মহাপরিদর্শককেও ব্যবস্থা নিতে বলেছি।”আচরণবিধি ভঙ্গের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “প্রচার শুরুর পর থেকে আজ পর্যন্ত আমরা যতগুলো আচরণবিধি সংক্রান্ত অভিযোগ পেয়েছি, সবগুলোই আমরা ব্যবস্থা নিয়েছি।“এর মধ্যে কোনোটি মৌখিক, কোনোটি মুঠোফোনে সতর্ক করেছি। আবার কোনোটি লিখিত আকারে সতর্ক করেছি। পাশাপাশি দুটো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি।”ব্রিফিংয়ে অন্যদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম, এস এম শামীম রেজা ও শারমীন কবীর উপস্থিত ছিলেন শেয়ার জাতীয়বিষয়: