সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপ টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: 1:14 AM , September 19, 2026
আশুলিয়া স্কুল মাঠে দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব এর পক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাহিদুল ইসলাম সরকার

মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকাবাসীর মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আশুলিয়ায় শুরু হয়েছে সাভার-আশুলিয়া আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপ টুর্নামেন্ট ২০২৬।

সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সরকারের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের পক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার-আশুলিয়া আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপ টুর্নামেন্টের ব্যবস্থাপক ও আশুলিয়া ক্রিকেট একাডেমির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে আশুলিয়া ক্রিকেট একাডেমির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সরকার বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলেও জানান তিনি ।

জাহিদুল ইসলাম সরকার আরও বলেন, আশুলিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ নুরুল ইসলাম সরকারের পৃষ্ঠপোষকতায় এলাকায় বরাবরই খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নের ক্রিকেট দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা জেগেছে ।

Loading