টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , জুন ১২, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের সামরিক অস্ত্র ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারের পর যমুনা নদীতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা উপজেলার পার্শ্ববর্তী নলিন এলাকায় যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরিত করে সেনাবাহিনীর একটি টিম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম জানান, বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টা মর্টার শেল উদ্ধার করে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল। পরে সেগুলো বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে সফলভাবে বিস্ফোরণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ১১ জুন সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীতে পাড়ে মাছ ধরতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানালে মর্টার শেলগুলো এক নজর দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। উদ্ধারকৃত মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সামরিক অস্ত্র। যমুনা নদী পাড়ে মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে

Loading