খাগড়াছড়ির রামগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির প্রেস ব্রিফিং বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , জুন ৫, ২০২৫ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, গবাদি পশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।(৫ জুন) বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪৩ বিজিবি রামগড়ের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসানুল ইসলাম এক প্রেস ব্রীফিং এ এসব তথ্য জানান। সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবি আওতাধীন রামগড় পৌরসভার ফেনীর কুল ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রেসব্রিফিং এ তিনি সাংবাদিকদের জানান, দেশের কোরবানীর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদি পশুর সরবরাহ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্তে পর্যবেক্ষণ চলছে। তাছাড়া কাঁচা চামড়া পাচার রোধে ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সীমান্ত জুড়ে থাকবে বিশেষ টহলদল ও চেকপোস্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি টহল তৎপরতা বাড়িয়েছে। তিনি ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন,চোরা চালান রোধে এলাকার সাধারণ জনগণ ও সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় রামগড় ৪৩ বিজিবির উপ-পরিচালক রাজু আহমেদসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: