সুবচনী উচ্চ বিদ্যালয়ে শুভজন’র বর্ণমালার শুদ্ধপাঠ কর্মশালা

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , অক্টোবর ৯, ২০২৪

জেরিন হাফসা:
শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজন’র সহ-প্রতিষ্ঠান শুদ্ধাচার কেন্দ্র। বাংলা ভাষার সঠিক চর্চা বিকাশের লক্ষ্যে প্রমিত বাংলায় কথা বলা, বাংলা বর্ণমালার সঠিক ও শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি -উপস্থাপনায় নিয়মিত দীক্ষা দেয়া হয় শুদ্ধাচার কেন্দ্রে। দেশের আগামী প্রজন্ম, শিশুদের মধ্যে দেশপ্রেম ও শিষ্টাচার জাগিয়ে তুলতে শুদ্ধাচার কেন্দ্র অগ্রসর ভুমিকা পালন করছে। শুভজন’র মাধ্যমে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিয়মিত আবৃত্তি ও বাংলা বর্ণমালার সঠিক এবং প্রমিত উচ্চারণে বিনামূল্যে কর্মশালার আয়োজন করছে এই কেন্দ্র। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী আয়োজন করা হয় ‘বর্ণমালার আলো’ শিরোনামে কর্মশালার। শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালার উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসিরুদ্দিন সিকদার। সুবচনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালু কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট এবং শুভজন’র সহ প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী বারি দেওয়ান হ্রদয়।
‘প্রকাশটা হোক ভাষার শুদ্ধতায়’ স্লোগান নিয়ে দেশপ্রেমের মহত্তম কাজে নিমগ্ন শুদ্ধাচার কেন্দ্রের পরিচালক এবং কর্মশালার প্রধান প্রশিক্ষক বাচিকশিল্পী তরুণ রাসেল জানান- আমাদের উদ্দেশ্য, মানবিক বোধসম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ সৎচিন্তার শুদ্ধ মননের মানুষ হওয়া। এ লক্ষ্যে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক অবক্ষয়ের অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসতে পারে আলোর পথে। আমরা চাই, আমাদের সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক।  একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশের কিংবা সৎ ও সুনীতি বিরুদ্ধ কাজ করতে পারে না। একইসাথে কঠিন ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলা ভাষার মৌলিক স্বকীয়তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর হয়ে  কাজ করছি ভাষার শুদ্ধতা রক্ষায়। একটি সুশিক্ষিত ও মার্জিত জাতি গঠনে শুদ্ধাচার কেন্দ্র আত্ম প্রত্যয়ী হয়ে এগিয়ে চলছে। আমাদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত হোক। মানবতার জয় হোক। বিশ্ব-ব্যাপী ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা ও সংস্কৃতির সুখ্যাতি।

Loading