চট্টগ্রাম থেকে দোহাজারী বন্ধকৃত ডেমু ট্রেন চালুর দাবিতে স্মারক লিপি

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ , অক্টোবর ১০, ২০২৪
চট্টগ্রাম – দোহাজারী রেল লাইনে রহস্যজনক ভাবে বন্ধকৃত ডেমু ট্রেন চালুর দাবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপকের কাছে স্মারক লিপি দিয়েছেন বিশিষ্ট সমাজ হিতৈষী ও মানবাধিকার সংগঠক ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু। এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আলমদার, আবুল হোসেন ছাবের ও ফিরোজুল আলম চৌধুরী (পলাশ)এ সময় ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু বলেন, আমি সাবেক পটিয়া মহকুমার খানমোহনা ষ্টেশন সংলগ্ন বানীপুর, খানমোহনা গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি শৈশব কাল থেকে দেখে আসছি, চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে চার জোড়া ট্রেন অতি সুন্দর ভাবে চলাচল করত। কিন্তু বর্তমান সময়ে এসে চার জোড়া ট্রেন তো দূরে থাক, একটি ডেমু ট্রেন চলাচল করত তাও দীর্ঘদিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে । বর্তমানে দোহাজারী থেকে চট্টগ্রাম শহরে চাকুরী, ব্যবসা এবং লেখা-পড়ার জন্য যারা বিভিন্ন কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন তারা আবার নিজ নিজ কর্ম ও অন্যান্য কাজ শেষ করে নিজ নিজ এলাকায় ফিরে যান। ইতিপূর্বে সিআরবি ভবনের মিলনায়তনে সিনিয়র সচিবের উপস্থিতিতে এবং চট্টগ্রাম রেল ষ্টেশনের ভি আই পি লাউঞ্জে অংশীজন সভায় রেলওয়ের রাজস্ব বৃদ্ধিসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে আমি সারগর্ভ বক্তব্য উপস্থাপন করেছিলাম। যা অনলাইনের বিভিন্ন চ্যানেলে প্রচারিত ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপর থেকে দ্রুত ডেমু ট্রেন চালুর কথা থাকলে ও তা মুখ থুবড়ে পড়ায় আমার মত শত শত যাত্রী সাধারণ হতাশ হয়ে পড়েছে। সম্প্রতি আমি জানতে পারি পাহাড়তলী লোকোশেড হতে এক সেট ডেমু ট্রেন মেরামত কার্য্য সম্পাদন শেষে শীঘ্রই মূল ট্রেনের বহরে যুক্ত হচ্ছে।এতে আমরা আশাবাদী এ ট্রেন অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম – দোহাজারী রেল লাইনে সংযুক্ত হবে৷ এতে ট্রেনের চেয়ে বেশি বাস ভাড়া দিয়ে বাস বা অন্য যানবাহনে যাতায়াতরত যাত্রীরা আশায় বুক বেঁধেছে যে,আবার চট্টগ্রাম – দোহাজারী শাখা লাইনে ডেমু ট্রেন চালু হবে। যা হলে পরে শুধু যাত্রী সাধারণ নয়, বিভিন্ন পন্য আনা নেওয়ার ক্ষেত্রে ও নব দিগন্ত সূচিত হবে। এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যাবস্থাপক মুহাম্মদ নাজমুল ইসলাম সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Loading