সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত ক্ষতিগ্রস্ত তিন পরিবার; ক্ষতি ১০ লাখ টাকা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 2:13 PM , October 25, 2026 মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের খালেকের দোকানসংলগ্ন মরহুম খোন্দকার জয়নাল আবেদিনের (খোন্দকার ম্যানশন) বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। সে সময় ঘরের ভেতরে থাকা কোনো মালামাল বা আসবাবপত্রই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়া ওই টিনশেড ঘরটিতে মূলত তিনটি ভিন্ন পরিবার ভাড়ায় বসবাস করতেন।দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।বাড়ির মালিক মরহুম খোন্দকার জয়নাল আবেদিনের বড় ছেলে হানিফ খোন্দকার পলাশ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে তিনটি ভাড়াটিয়া পরিবারের নগদ অর্থ, প্রয়োজনীয় আসবাবপত্র ও ঘরটির অবকাঠামো মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই সর্বনাশা আগুনে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সেনবাগ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো: আজিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। শেয়ার নোয়াখালীবিষয়: