রঙতুলির ঠোঁটে – বিভা ইন্দু

প্রকাশিত: 5:56 PM , August 31, 2023
পর্দা নড়ে উঠে
ঐন্দ্রজালিক শিহরণে প্রজ্জ্বলিত ঈষাণ
বিষণ্ণতার কপাট গলে
ছলকে ওঠে দামিনী
বৈশাখী বিক্ষুব্ধতায় বজ্র হুংকার
শোক তাপ জরা গ্লানির
বিদায়ী ডংকায়
তুমি এলে পাহাড়ের কোল ঘেঁষে
খরতাপ দহন অবশেষে
তুলির ঠোঁটে জলরঙের ঘনঘটা
উষ্ণতার ক্যানভাসে,
পৌরাণিক প্রেম
দখল নিলে বিলাসী সবুজের বুকে।
মায়া,কায়া ছায়ার অঙ্গসৌষ্ঠব
চিরঞ্জীব ভৈরব
ত্রিকালদর্শী মহানায়ক আমার
নিঃশেষ হবার সুতীব্র মাদকতায় এসো
পাঁজরে পাঁজর মেলায়
জলাঙ্গিতে উৎসব আয়োজন
ডুবে যাক বরাভয়
আকন্ঠ তেষ্টার অবসানে প্রকৃতির অভিনব জয়
নিশিজাগা চাতক বলে ওঠে,
ফিরে পেলাম এতোদিনের যতো অপচয়
২২/০৮/২৩

Loading