প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চা বাগান মালিকরা

প্রকাশিত: 5:49 PM , August 27, 2022

শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে বসেছেন চা বাগানের মালিকরা। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় শুরু হওয়া বৈঠকে ১৩ টি চা বাগানের মালিক অংশ নিয়েছেন।

মজুরি বাড়ানোর দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলনে থাকা চা শ্রমিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বৈঠকের ফলাফল জানতে।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৭টি চা বাগানের সোয়া লাখের বেশি শ্রমিক। ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।

২০ আগস্ট ১৪৫ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা অন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও তা মানেননি শ্রমিকরা। তারা কর্মবিরতি অব্যাহত রাখেন।

এর মধ্যে বৃহস্পতিবার জানানো হয়, শনিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন।

এই বৈঠক নিয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে শুক্রবার দিনভর আলোচনা হয়। বৈঠক থেকে কী ফলাফল বা ঘোষণা আসে সেদিকে অনেকেরই নজর রয়েছে।

Loading