দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:24 PM , March 14, 2022 আগামী ২১ মার্চ দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এনার্জি রিপোর্টার অব বাংলাদেশ আয়োজিত মিট দ্যা প্রেসে উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচ গুণ বেড়েছে। ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ দেশে এখন ক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট। আরও ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন অবস্থায় আছে। আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নেরও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিদ্যুতায়ন এখন ৯৯ দশমিক ৮৫ ভাগ, এটাকে শতভাগই বলা যায়। সারাদেশে এখন আমাদের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি।এফইআরবি-র চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন, নথ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিইও খোরশেদুল আলমসহ আরও অনেকেই বক্তব্য দেন।ইউক্রেন-রাশিয়ার চলমান সংকটে বিশ্ববাজারে জ্বালানির দাম রেকর্ড ভেঙেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে জ্বালানির মূল্য ঠিক রাখতে এ খাতে সরকারকে ভর্তুকি বাড়াতে হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি দাম সহনীয় পর্যায়ে রাখতে। যদি মূল্য বৃদ্ধির সীমা ছাড়িয়ে যায় তবে নতুন সিদ্ধান্ত নিতে হবে।এসময় বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, আমরা দুর্গম এলাকায় বিদ্যুৎ দিতে পেরেছি; এটা অনেক বড় বিষয়। সন্দ্বীপ, রাঙ্গাবালী, নিঝুম দ্বীপ, চরসোনারামপুরসহ প্রায় বেশিরভাগ চর এলাকায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। শেয়ার জাতীয়বিষয়: