প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে

প্রকাশিত: 6:25 PM , March 7, 2022

প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাঙালি জাতি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয়। আজ সোমবার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্ণারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, আমরা বিজয়ের জাতি। প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে। আমরা অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক পরিকল্পনার প্রসঙ্গে মোমেন বলেন, এটি এমন একটি ভাষণ যেটি জাতিসংঘে লিপিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে। জাতিসংঘের যতটি ভাষা রয়েছে সবগুলো ভাষায় এটি লিপিবদ্ধ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরও বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যে ৮১টি মিশন রয়েছে সবগুলোতে আজ এই দিবসটি উদযাপিত হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে বহু লোককে। বিদেশে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। তাদের বলেছি, তারা যেন স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এ দিবস পালন করেন। আপনারা দিবসের মর্মার্থ কথাগুলো মানুষকে জানাবেন।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার জন্য বড় শক্তি নয়, অন্যান্য স্বাধীনতাকামী লোকদের জন্যও বড় রকমের অনুপ্রেরণা বলে মনে করেন ড. মোমেন।

Loading