রামগড়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 5:31 PM , February 6, 2022

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ৯ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ ৩০ হাজার টাকা, পাহাড় কাটার দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে ও রোববার সকালে উপজেলার ৯ টি ইট ভাটাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার। এ সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা যায়, ইট ভাটায় কাঠ পোড়ানো, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ, জনবহুল এলাকায় ভাটা স্থাপন এবং ভাটায় কৃষি জমির উপরিভাগ (টপ সয়েল) ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এসব টাকা জরিমানা করা হয়।এছাড়া বাগান টিলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (৬) এর খ অনুযায়ী মোঃ নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় সংক্রমন আইনে ৭ জনকে ৭০০ টাকা জরিমনা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন,দুদিনে উপজেলার ৯ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারী প্রতিটি ইট ভাটা এবং অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Loading