প্যান্টে পাওয়া গেল ১০ পিস সোনার বার

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২২

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ইসমাইল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী গণমাধ্যমে সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৫ হাজার টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading