ঢাকা-ব্যাংকক রুটে ফের চালু হচ্ছে ফ্লাইট

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২১

ঢাকা-ব্যাংকক রুটে আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে সরাসরি ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ। সম্প্রতি এক ঘোষণায় সংস্থাটি জানায়, রুটটিতে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

থাই এয়ারওয়েজ জানিয়েছে, সপ্তাহের একমাত্র ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার পরিচালিত হবে। এদিন ফ্লাইটটি রাত ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ব্যাংকক পৌঁছাবে। এছাড়াও ব্যাংকক থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বিমানটি ঢাকায় অবতরণ করবে।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের মার্চ থেকে এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। থাই এয়ারওয়েজের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন পর রুটটিতে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে।

থাই সরকারের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশ করা যে কোনো ব্যক্তিকে ৭ থেকে ১০ দিনের জন্য নির্দিষ্ট হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে। তবে যারা ব্যাংককে প্রবেশ না করে সরাসরি ফুকেট যাবেন তাদের কোনো কোয়ারেন্টিনে থাকা লাগবে না।

উল্লেখ্য, ফুকেটে নেমে একবার সবাইকে কোভিড পরীক্ষা করতে হবে। আর তার ফল নেগেটিভ পাওয়ার পরই যাত্রীরা হোটেল থেকে বের হতে পারবেন।

Loading