রোটারি ক্লাব(যশোর)’র সর্বোচ্চ সম্মাননা পেলেন আতিকুজ্জামান সনি

প্রকাশিত: 2:18 PM , September 26, 2026

জনসেবামূলক কার্যক্রম ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির (আই-ক্যাম্প) পরিচালনায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব যশোরের সর্বোচ্চ সম্মাননা লাভ করেছেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও রোটারিয়ান এ. কে. এম. আতিকুজ্জামান সনি।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রোটারি ক্লাব অব যশোরের নিয়মিত পাক্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সভার শুরুতে ক্লাবের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর জেলাজুড়ে রোটারি ক্লাবের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির (আই-ক্যাম্প) কার্যক্রমে আতিকুজ্জামান সনির অবদান ছিল অনন্য ও সর্বোচ্চ পর্যায়ে। এ মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় তিনি জেলায় প্রথম স্থান অর্জন করেন এবং তারই স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

​পুরস্কার প্রদানকালে রোটারি ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক ও মানবিক কাজের পরিধি আরও বড় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, সভা শেষে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রোটারিয়ান এ. কে. এম. আতিকুজ্জামান সনি। এ সময় তাঁর সাথে ছিলেন শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রোটারিয়ান রবিউল ইসলাম রবি। শুভেচ্ছা জানানোর সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতির সার্বিক সাফল্য কামনা করেন এবং যশোরের সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের উন্নয়নে তাঁর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

Loading