ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , মার্চ ১, ২০২৬ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীতস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে। এটি জেলার মানুষের জন্য একটি বড় সুখবর।আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। কলেজটি চালু হলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বর্তমানে ২৫০ শয্যার যে হাসপাতাল রয়েছে, সেটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে বৃহত্তর এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।তিনি বলেন, হাসপাতালটি পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন। তবে স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে কী কী প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হাসপাতাল সুপারকে নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।বিএনপি মহাসচিব আরও বলেন, জেলার স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়, সে লক্ষ্যে কাজ করা হবে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহ হয়েছে। এর মধ্যেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে সবকিছু গুছিয়ে নেওয়া হবে।এ সময় জেলা সিভিল সার্জন ডা. আনিসুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: